মালদ্বীপে প্রবাসীদের সুরক্ষা ও নিয়মিতকরণে বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগ

মালদ্বীপে প্রবাসীদের সুরক্ষা ও নিয়মিতকরণে বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগ
মালদ্বীপে প্রবাসীদের সুরক্ষা ও নিয়মিতকরণে বাংলাদেশ হাইকমিশনারের উদ্যোগ

মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ হাইকমিশন।

বিশেষ করে অনথিভুক্ত প্রবাসীদের বৈধকরণ, কর্মপরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানোর সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। এ সময় প্রবাসী বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ অগ্রগতির জন্য মালদ্বীপ সরকারকে অভিনন্দন জানান বাংলাদেশের হাইকমিশনার। তিনি বলেন, বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের মাধ্যমে অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।

অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ প্রসঙ্গে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বর্তমানে কর্মরত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকলে নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন বিভাগ, লেবার রিলেশনস অথরিটি অথবা সংশ্লিষ্ট সিটি কাউন্সিলে আবেদন করার সুযোগ রয়েছে।

এ ছাড়া ভুয়া নিয়োগ এবং কর্মীদের নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের হাইকমিশনার প্রবাসী কর্মীদের নিয়োগচুক্তি অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নতুন ব্যাংক হিসাব খোলার সুযোগ বাড়ানো এবং অনুমোদিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও কম খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং তাদের মধ্যে সচেতনতা বাড়াতে বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা গঠনের বিষয়ে দুই পক্ষ একমত হয়। একই সঙ্গে মালদ্বীপের বিভিন্ন দ্বীপাঞ্চলে যৌথ সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের অধিকার, কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ অব্যাহত রাখা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।