তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে তথ্য চাওয়ার অধিকার চর্চায় উৎসাহ দিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীতে তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
সভায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলা আয়োজনের উদ্দেশ্য, কর্মপরিধি এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ উদ্যোগ সফল করতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সহযোগিতা, অংশগ্রহণ ও সম্ভাব্য ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
প্রস্তাবিত তথ্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অধিকারবিষয়ক স্টল থাকবে। পাশাপাশি তথ্য অধিকারসংক্রান্ত প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শনের পাশাপাশি ভিডিও, নাটিকা এবং প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হবে।
শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য অধিকার চর্চার সুযোগ করে দিতে তথ্য চেয়ে আবেদন করার নিয়ম, আবেদন ফরম পূরণের পদ্ধতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া তথ্য না পেলে আপিল ও অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও ব্যবহারিক ধারণা দেওয়া হবে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।





