জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী, কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী, কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ সদস্য
বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ শান্তিরক্ষী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি নতুন কন্টিনজেন্ট ঢাকা ছেড়েছে।

বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমানে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, কঙ্গোতে বর্তমানে দায়িত্ব পালনরত বাংলাদেশ বিমান বাহিনীর ১৩৫ সদস্যের ইউটিলিটি এভিয়েশন ইউনিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন এই কন্টিনজেন্ট পাঠানো হয়েছে। নতুন দলের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কঙ্গোতে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের কর্মদক্ষতায় দেশটির সরকার ও জনগণের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি আস্থা তৈরি হয়েছে।

এই সাফল্য ও সুনাম বজায় রেখে ভবিষ্যতেও আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।

এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী কন্টিনজেন্টের সদস্যদের বিমান বাহিনী সদর দপ্তরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং দেন।

আইএসপিআর আরও জানায়, বিভিন্ন ধরনের অপপ্রচার এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা বাড়ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতাও সম্প্রসারিত হচ্ছে।

জাতিসংঘের বাজেট সংকোচন ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনের কার্যক্রম সীমিত হলেও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অটুট রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।