পানি সহযোগিতায় ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

পানি সহযোগিতায় ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
পানি সহযোগিতায় ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

ভারতের সঙ্গে পানি সহযোগিতা বাড়াতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। এ কমিটির সঙ্গে আলোচনার জন্য ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পানি বণ্টনে বাংলাদেশ ন্যায্য হিস্যা প্রত্যাশা করে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে আন্তর্জাতিক আইনি ভিত্তিও রয়েছে। পানি ইস্যুতে সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পানি সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এখন ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নামের জন্য অপেক্ষা করছে ঢাকা।

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধিরা যেন ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য তাদের নাম চাওয়া হয়েছে। ভারতীয় পক্ষের জবাব পাওয়ার পর আলোচনা শুরু করা সম্ভব হবে।

ভারত থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, খুব শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে আলোচনার মাধ্যমেই পানি সংক্রান্ত বিষয়গুলোর বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এসব জটিলতা নিরসন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।