শুধু সনদ নয়, সবার শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

শুধু সনদ নয়, সবার শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
শুধু সনদ নয়, সবার শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

শুধু শিক্ষার্থীদের সনদ প্রদান নয়, বরং সবার জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকের শিক্ষাজীবন বিভিন্ন কারণে মাঝপথে থেমে যায়। এসব মানুষকে আবারও পড়াশোনায় ফিরিয়ে আনতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করতে হবে। এ দায়িত্ব পালনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করা হবে। শিক্ষাকে সহজলভ্য ও সবার অংশগ্রহণের উপযোগী করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে নিয়মিত শিক্ষার বাইরে থাকা ব্যক্তিরাও বয়সের বাধা অতিক্রম করে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি চীনের সঙ্গে ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং কারিগরি শিক্ষার উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (আইটিভেট)-এর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে নয়জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।