নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দলীয় প্রার্থী নিয়ে চলছে হিসেব-নিকেশ। গত নির্বাচনে আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে মাঝপথ সরে দাঁড়ান তাবিথ আউয়াল। যদিও এটা দলীয় সিদ্ধান্ত ছিল। এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকেই বেছে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
তবে এই নিয়ে এখনই দলীয় সিদ্ধান্ত জানানো হয়নি। আওয়ামী লীগের প্রার্থী দেখা বিএনপি ডিএনসিসিতে প্রার্থী দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে তাবিথ আউয়ালও আগামী নির্বাচনে প্রার্থী হওয়া, না হওয়া নিয়ে কিছু বলছেন না।
কিন্তু কেন তাবিথ আউয়াল মিডিয়াকে এড়িয়ে চলছেন?
ঢাকা সিটি উত্তরে তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব প্রাপ্ত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে পরিবর্তন ডটকমকে বলেন, ‘তাবিথ আউয়াল এবার একটু ঝামেলায় আছেন। কারণ এখন পর্যন্ত দলীয় কোনো সিগন্যাল পাননি। এছাড়া প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে তার নাম থাকায় তিনি একটু বিব্রত।’
তবে দলীয় সিগন্যাল পেলে তাবিথ আউয়াল নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গণমাধ্যমে খোলাসা করবেন বলেও জানান তিনি।
গত ১০ ডিসেম্বর রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা সিটি উত্তর নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তাতে তাবিথ আউয়ালের নাম উঠে আসে। তবে এটা নিয়ে চুড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠক সূত্রে জানা যায়, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দেখেই নিজেদের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি।
বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারি প্যারাডাইস পেপারসে বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম এসেছে। তার স্ত্রীসহ তিন ছেলেও রয়েছেন এই তালিকায়। সম্প্রতি তাদের কর ফাঁকি দেওয়া বিষয়ের এক কোটি ৩৪ লাখ গোপন নথি ফাঁস হয়ে পড়েছে। জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং প্রকাশ করেছে এ কেলেঙ্কারির কথা।
বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংগঠনের গোপন নথি জোগাড় করে তা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকে (আইসিআইজে)।
৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক ১ কোটি ৩৪ লাখ দলিলের তথ্যাদি এখন তদন্ত করে দেখছেন। গত ৫ নভেম্বর প্রথম তারা তথ্য ফাঁস করে। সেদিন কেলেঙ্কারির সঙ্গে বিশ্বের ১২০ জন রাজনৈতিক নেতার নাম প্রকাশিত হয়।
তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি তো এসবের কিছুই জানি না। যেখানে এই তথ্যটা এসেছে, কী তথ্য এসেছে, তা আমার দেখতে হবে, তা বিশ্লেষণ করতে হবে। তারপর আমার বক্তব্য আমি জানাব।’ মিন্টু প্রায় এক দশক যুক্তরাষ্ট্রে ছিলেন। ১৯৮২ সালে দেশে ফেরার আগে সেখানে শিপিং ব্যবসায় যুক্ত ছিলেন তিনি।
প্যারাডাইস পেপারস হচ্ছে বিশ্বের ১৮০টি দেশের রাজনীতিক, সেলিব্রিটি ও বিত্তশালী মানুষের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা-সংক্রান্ত বিস্তারিত তথ্যের এক বিশাল ডাটাবেজ।
এই ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন ট্যাক্স হেভেনে (কর দিতে হয় না বা সামান্য হারে কর দেওয়া যায় এমন দেশ) বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আইসিআইজে’র ওয়েবসাইটে দেওয়া তালিকায় ঠিকানাসহ যেসব বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে, তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, স্ত্রী নাসরিন ফাতিমা আউয়াল এবং তিন ছেলে- মো. তাবিথ আউয়াল, মোহাম্মদ তাফসির আউয়াল ও মো. তাজওয়ার আউয়াল, তাজওয়ারের অভিভাবক হিসেবে আব্দুল আওয়াল মিন্টু।
এছাড়া রয়েছে ফয়সাল চৌধুরী, ফরিদা ওয়াই মুগল, শহিদ উল্লাহ ও সামির আহমাদের নাম।
আর তালিকায় থাকা একমাত্র প্রতিষ্ঠানটি হলো ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট (বাংলাদেশ) লিমিটেড। তাদের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
অ্যাপলবাই থেকে ফাঁস হওয়া গোপন নথির বরাতে আইসিআইজে জানায়, আউয়াল পরিবারের সদস্যরা ১৯৯৯ সালের ৯ আগস্ট বারমুডায় ‘এনএফএম এনার্জি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান খুলে গোপনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন।
আইসিআইজে’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছর পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনা সামলাতে না সামলাতে নতুন করে এই কেলেঙ্কারি ফাঁস হলো। এবারও পানামা পেপারসের মতো এসব নথি প্রথমে জার্মান দৈনিক সুইডয়চে সাইটংয়ের হাতে আসে। পরে সেসব নথি আইসিআইজে’র হাতে তুলে দেয় তারা।
পরে এসব নথি পেয়েছে বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন দেশের ১০০টি সংবাদমাধ্যম। গত ৫ নভেম্বর প্রথম আইসিআইজে তাদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করে।
এদিকে তাবিথ আউয়াল ছাড়াও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বেশ কয়েক জন। এর মধ্যে অন্যতম সাবেক সংসদ সদস্য মেজর(অব.) কামরুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ূম। এছাড়া বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদও দলীয় টিকিট নিয়ে ঢাকা উত্তর সিটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
মেজর(অব.) কামরুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘আগে নির্বাচনের দিন তারিখ ঠিক হোক, তারপর এটা নিয়ে কথা বলা যায়। তাছাড়া আমাদের দলীয় সিদ্ধান্ত আছে আওয়ামী লীগের প্রার্থী দেখে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’
নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) উপনির্বাচন করতে কোনো জটিলতা নেই। তাই কমিশন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মেয়র পদে উপনির্বাচন, উত্তর সিটিতে সংযুক্ত নতুন ১৮ ওয়ার্ডে কাউন্সিলর ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত এবং ঢাকা দক্ষিণ সিটির সাথে সংযুক্ত ১৮টি কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য তিনটি আলাদা আলাদা তফসিল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। এরপর ৩ ডিসেম্বর সোমবার তার পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।