মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষায় নিজের পরিবর্তে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মূল পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। তবে কৌশলে পালিয়ে গেছে প্রক্সি দিতে আসা ওই ভুয়া পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কেন্দ্র সূত্রে জানা যায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান (১৮)-এর পরিবর্তে মোঃ সাজিদ নামে এক যুবক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন।
প্রবেশের সময় দায়িত্বরতদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক দ্রুত কেন্দ্র থেকে পালিয়ে যান। ঘটনার প্রায় এক ঘণ্টা পর প্রকৃত পরীক্ষার্থী মেহেদী হাসান কেন্দ্রে উপস্থিত হলে তাকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেন যে, তিনি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করতে নিজের পরিবর্তে অন্যকে পাঠাতে চেয়েছিলেন।
অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান তাৎক্ষণিকভাবে মেহেদী হাসানকে চলতি দাখিল পরীক্ষা থেকে বহিষ্কারের আদেশ দেন। তবে পালিয়ে যাওয়া প্রক্সি পরীক্ষার্থী সাজিদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন,পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরণের জালিয়াতি রোধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রক্সি দিতে আসা যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে।