গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ ও লালন করতে যশোরের ঝিকরগাছায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পুরনো বছর ১৪৩২ কে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে উপজেলা জুড়ে নেমে আসে উৎসবের রঙিন ঢল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই “এসো হে বৈশাখ, এসো এসো” ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পহেলা বৈশাখকে স্বাগত জানাতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এতে অংশগ্রহণকারীরা গ্রামবাংলার নানা ঐতিহ্য তুলে ধরেন, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
উৎসবে অংশ নেওয়া নারীরা সাদা রঙের বৈশাখী শাড়ি এবং পুরুষরা লাল পাঞ্জাবি পরিধান করে বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন। রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। গ্রামবাংলার পুরনো দিনের আবহ ফিরিয়ে আনতে নানা উপকরণ ও সাজসজ্জা বিশেষ ভাবে নজর কাড়ে। বাদ্যযন্ত্রের তালে তালে গান ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ প্রাঙ্গণ। উৎসবের আনন্দে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হাসান, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সার্বিকভাবে উৎসবটি গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আনন্দের এক মিলনমেলায় পরিণত হয়।