× Banner

১২৮ রানে জিতল পাকিস্তান

SDutta
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি বিঘ্নিত বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় একদিনের ম্যাচে সফরকারীরা ১২৮ রানে জিতল। বাংলাদেশ ১১৪ রানে অল আউট হলে এই জয় পায় পাকিস্তান। ম্যাচের বিতর্কিত ঘটনা ছিল সালমান আগার আউট। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ওই ক্রিকেটার।

তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে পাকিস্তান।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে পাকিস্তান। আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত মাত্র ১৩ ওভারে তুলে নেন ১০৩ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৬ বলে ৭৫ রান করেন সাদাকাত।

১০৩ রানে সাদাকাত আউট হওয়ার পর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান। এরপর চতুর্থ উইকেটে সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান মিলে ১০৯ রানের জুটি গড়েন। ৬২ বলে ৬৪ রান করা সালমানের বিতর্কিত রানআউটেই ভাঙে এই জুটি। পরের বলেই আউট হন রিজওয়ান।

সেখান থেকে হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। ৩ উইকেটে ২৩১ রান থেকে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অল আউট হয় দলটি। শেষ ৭ উইকেট পড়ে মাত্র ৪৩ রানে। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৫৬ রানে ৩ উইকেট নেন, আর মেহেদী হাসান মিরাজ পান ২ উইকেট।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে শাহীন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন সাইফ হাসান ও নাজমুল হোসেন।

এরপর বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান।

বিরতির পর লিটন দাস ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ে ৫৮ রানের জুটি করেন। তবে ৩৩ বলে ৪১ রান করা লিটন আউট হওয়ার পর আবারও ধস নামে। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩.৩ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে ৫ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। হারিস রউফও ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানও অলআউট হয়েছিল ঠিক ১১৪ রানে। দ্বিতীয় ম্যাচে সেই একই স্কোরেই অলআউট হয়ে বাংলাদেশ যেন সেই পরাজয়ের প্রতিফলনই পেল।


এ ক্যটাগরির আরো খবর..