মাদারীপুর প্রতিনিধিঃ আগামী ১৫ জানুয়ারি কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে নেয়া হচ্ছে। এর ফলে নৌপথের দুরুত্ব ৮ কিলোমিটার কমে যাবে। এমনটাই জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ সোমবার বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ মাঠে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় নৌমন্ত্রী আরো বলেন, ঈদের সময় শিশু-কিশোরসহ সব বয়সের মানুষকে পাঁয়ে হেঁটে অনেক কষ্ট ফেরি কিংবা লঞ্চে উঠতে হয়। তাই এই কষ্ট লাঘব হবে কাওড়াকান্দি ফেরিঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর করা হলে। ফলে নৌপথে একঘন্টা সময় বাঁচবে। তাই দক্ষিঞ্চালের মানুষের জন্য এটি হচ্ছে সুখবর।
তিনি বলেন, এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ইতিমধ্যে এই পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়ক উদ্বোধন করেছেন। ফলে খুব সহজেই রাজধানী ঢাকায় পৌঁছেতে পারবেন দক্ষিনাঞ্চলের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।





