বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী পাঁচ মাসের অন্তঃসত্বা। বিয়ের দাবী জানালে ভয় ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে প্রতারক ধর্ষক সৌরভ বৈরাগীর পরিবার।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফুলকুমারী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঐ ছাত্রী জানান, তার বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। এক বছর আগে তার এক বান্ধবীর মাধ্যমে পার্শ্ববর্তী বানিয়ারচর গ্রামের বিকাশ বৈরাগীর ছেলে ঢাকায় একটি সিগারেট কোম্পানীতে চাকরিরত সৌরভ বৈরাগীর(২৪) সাথে তার পরিচয় হয়। পরে সৌরভ বৈরাগী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়।
প্রথমে সৌরভের প্রস্তাব অস্বীকার করলেও পরে বান্ধবীর অনুরোধে সে তাতে রাজি হয়। এক পর্যায় তারা ঘনিষ্ট হয়ে পরে। এ সুযোগে বিয়ের কথায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এতে সে পাঁচ মাসের অন্তসত্বা হয়ে পরে। এরপর সে বিয়ের করার জন্য চাপ দিলে সৌরভ নানান তালবাহানা শুরু করে। সৌরভের স্ত্রী হিসেবে এখন সামাজিক স্বীকৃতি চায় ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। অন্যথায় আত্মহত্যা করা ছাড়া তার কোন উপায় থাকবে না।
ভূক্তভোগী ঐ শিক্ষার্থীর পিতা কীর্তন শিল্পী বিপুল বৈরাগী বলেন, এ ঘটনায় সামাজিকভাবে আমার পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। সামাজিক লোকলজ্জার ভয়ে কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করে। আমি আমার মেয়ের সামাজিক স্বীকৃতি চাই।
তিনি আরও জানান, এরমধ্যে সৌরভের বংশের লোকজন আমার বাড়িতে এসে বিষয়টি মিমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিয়ের জন্য চাপ কিংবা মামলার কথায় বাড়ীতে এসে ভয়ভীতি ও পুরো পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। পরিবারের নিরাপত্তার কথা ভেবে মামলা করার সাহস পাচ্ছি না। এ ঘটনার বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।