স্বর্ণের দামের পতন কেন?

চলতি বছরের শুরু থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল বিশ্ববাজারে স্বর্ণের দাম। যার প্রভাবে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছে গিয়েছিল প্রায় ২ হাজার ৮০০ ডলারে। তবে সে ধারা এখন নিম্নমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ২ হাজার ৫০০ ডলারের ঘরে। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দামের পতন কেন?

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর থেকে ডলারের মান শক্তিশালী হতে শুরু করেছে। ডলারের মান মূলত বাড়ছে বিটকয়েনের দাম বৃদ্ধির ফলে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি নেবেন- এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। মূলত নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেয়ায় এর দাম ঊর্ধ্বমুখী।

সম্প্রতি স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ডলারের মান শক্তিশালী হতে থাকায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৫৬১ ডলারে, যা ২০ সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন।

ট্রাম্পের নীতি হলো ‘ডু দি বিজনেস’। সে যুদ্ধের বদলে ব্যবসাবান্ধব বিশ্ব চায়। যার প্রভাব অনেকটাই শুরু হয়ে গেছে। বিনিয়োগকারীরা ব্যাংকসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন। এতে স্বর্ণের ওপর চাপ কমায় দাম তরতর করে কমে যাচ্ছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামের যে প্রবণতা চলছে এতে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। দাম কমলে যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

গত ১৪ দিনে দেশের বাজারে ৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে প্রতিবারই কমানো হয়েছে দাম। সবশেষ গত ১৪ নভেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে টানা চতুর্থ দফা স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।