সিরিজের শেষ ম্যাচ এ জিতল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে আফগানরা। পাশাপাশি আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও আবার দশে উঠে এসেছে তারা।

সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতেই র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দশে উঠে এসেছিল আফগানিস্তান। কিন্তু পরের দুই ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ১২তম স্থানে নেমে গিয়েছিল তারা। তবে শেষ ম্যাচ জিতে হারানো স্থান পুনরুদ্ধার করল আফগানরা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল আফগানিস্তান। আর দুবারই জিম্বাবুয়ের বিপক্ষে। গত অক্টোবরে জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের পর এবার সংযুক্ত আরব আমিরাতে।

বুধবার শারজাহতে আগে ব্যাট করে হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে এক বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২৪৮ রান করেছিল জিম্বাবুয়ে। মাসাকাদজা ১১১ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১০ রান করেন।

জবাবে ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল আফগানিস্তান। তবে সাতে নামা নাইব একরকম একাই দলকে জিতিয়ে দেন। ২ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নাইব।

৬৮ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৮২ রানের হার না মানা ইনিংস খেলেন নাইব। আর এই ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে স্পিনার রশিদ খানকে (৩১) নিয়ে ৭৩ বলে ৮৫ রানের জুটিও গড়েন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।