বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে যেকোনো বিদেশি চাটুকার ও দালালদের শক্ত হাতে প্রতিরোধের তাগিদ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, “বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ অত্যাচারী লুণ্ঠনকারীদের হাতে বন্দি ছিল। যারা দেশের সম্পদ পাচার ও লুটপাট করেছে, আগামীতে আইনের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপশক্তি বা কোনো বিদেশি দালালি করা দলকে দেশের জনগণ কখনো সমর্থন করবে না।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও সততার প্রশংসা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার-পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থেকেও নিজের জন্য কোনো অঢেল সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্স রেখে যাননি। তাঁর অতুলনীয় সততা ও দেশপ্রেমের কারণে আজও মানুষ তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে এবং বিএনপিকে বারবার রায় দেয়।”
সংসদে নিজ পদের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে স্পিকার উল্লেখ করেন, সংসদীয় নিয়ম-নীতি ও নিরপেক্ষতা বজায় রাখতে তিনি দলীয় স্থায়ী কমিটির পদ ত্যাগ করেছেন এবং বর্তমানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেন।





