নাগরিকদের গোপন তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে যুবক গ্রেফতার

নাগরিকদের গোপন তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে যুবক গ্রেফতার
নাগরিকদের গোপন তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে যুবক গ্রেফতার

নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেচাকেনার অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত শেষ রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের ধরান্দী এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মেহেদীর কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। মোবাইল ফোনটি প্রাথমিক পরীক্ষা করে তাতে ব্যবহৃত ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ ও নগদ) মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

সংস্থাটি জানায়, চক্রটি অজ্ঞাতনামা অপরাধীদের সহায়তায় মোবাইল সিমের মালিকানার বিবরণ, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), সাম্প্রতিক লোকেশন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন সনদ, টিআইএন এবং বিকাশ-নগদ হিসাবের সংবেদনশীল তথ্য অবৈধ উপায়ে সংগ্রহ করত। পরবর্তীতে উচ্চ মূল্যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বা অপরাধীদের কাছে তা বিক্রি করে আসছিল।

র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ক্রয়-বিক্রয় করা একটি গুরুতর সাইবার অপরাধ। মেহেদী হাসান ও তার সহযোগীরা ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বেআইনিভাবে ডেটা পাচার করে আসছিল।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।