পল্লব চৌধুরীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি বিক্রি না করায় কালু মণ্ডলের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, হামলায় আশুতোষ সরকার (৪২) নিহত।
রোববার সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাংটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশুতোষ ওই গ্রামের লংকেশ্বর সরকারের ছেলে।
আশুতোষের স্ত্রী শেফালী সরকারের অভিযোগ, সম্প্রতি আশুতোষ বাবা লংকেশ্বরের কাছ থেকে ২৮ শতক জমি ক্রয় করেন। কিন্তু ওই জমি প্রতিবেশি কালু মণ্ডল তার কাছে বিক্রির জন্য চাপ দিচ্ছিলেন। আশুতোষ এতে রাজি না হওয়ায় কালু মণ্ডলের নেতৃত্বে তার ছেলে আতিকুল, জামাতা আব্দুল মান্নান, মেয়ে খাদিজা, ছেলে বউ রাবেয়া ও লতাসহ বেশ কয়েকজন বাড়িতে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আশুতোষকে পিটিয়ে টেনে হিঁচড়ে পাশের রাস্তায় নিয়ে যান। এ সময় আশুতোষ জ্ঞান হারিয়ে ফেলেন। এই হামলায় তিনি ও তার মেয়েসহ আরও ৪ জন আহত হয়েছেন।
দূর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফছার আলী জানান, জমিজমা নিয়ে গ্রামের কালু মণ্ডলের পরিবারের সঙ্গে কয়েক বছর ধরে লংকেশ্বর সরকারের বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে কালু মণ্ডলের লোকজন লাঠিসোঠা নিয়ে আশুতোষ সরকারের বাড়িতে হামলা চালায়। হামলায় আশুতোষ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ উদ্দিন তালুকদার মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান, পুলিশ আশুতোষের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর কালু মণ্ডলের লোকজন পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।