সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত শামা ওবায়েদের

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত শামা ওবায়েদের
সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।

সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সার্কের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কার্যক্রম এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সার্কের বর্তমান অবস্থা তুলে ধরে মহাসচিব গোলাম সারওয়ার সংস্থাটির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন।

তিনি জানান, সার্কের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় সংস্থাটির বিভিন্ন কর্মসূচিও চলমান রয়েছে। আগামী ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

সার্কে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে চায় বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর করতে সার্ককে সক্রিয় করা জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ নিয়মিত রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সার্কের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্য দেশগুলোর মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও রাজনৈতিক মনোযোগ প্রয়োজন।

বিদায়ী মহাসচিবের নেতৃত্বের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের মেয়াদে সার্কের কার্যক্রমে যে গতি তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

আরও পড়ুনঃ টেক্সটাইল খাতে সার্কুলার ইকোনমিতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের সমঝোতা

সার্কের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আঞ্চলিক সহযোগিতায় নতুন রাজনৈতিক মনোযোগের আহ্বান

বৈঠকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সার্ক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক মনোযোগ এবং ধারাবাহিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

তারা মনে করেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সার্ককে আরও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।