শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি আধুনিক, নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল।
তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
রাজধানীর কলাবাগানে লেক সাকার্স উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানও বাড়াতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের সমন্বয় প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের মধ্যে দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেন। পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।





