জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার পর জাতীয় পুনর্মিলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘মহাসংলাপ: ন্যায়বিচার, জবাবদিহিতা ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি পরিণতি থেকে রক্ষা করার চেষ্টা। তাই বাংলাদেশে বিচারিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে সাজিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট এবং এর আগের সময়ের ঘটনাগুলোকে শুধু সরকার পরিবর্তনের ঘটনা হিসেবে দেখলে হবে না। তার মতে, এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক কাঠামোর মৌলিক পরিবর্তনের সূচনা হয়েছে। নাগরিকরা আইনের শাসন ও নাগরিক স্বাধীনতা দমনকারী শাসনব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং গণতান্ত্রিক মর্যাদা ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছিল।
ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থার সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে কায়সার কামাল বলেন, জনগণের নিরাপত্তার জন্য গড়ে তোলা রাষ্ট্রযন্ত্র যারা পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, তাদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং স্বৈরাচারী প্রবণতা ঠেকাতে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান প্রয়োজন। এমন একটি শাসনব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সরকার কাঠামোগতভাবে জবাবদিহির আওতায় থাকবে।
প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার বলেন, দেশে একসময় বিচারহীনতার রাজনীতি ছিল। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছে। তিনি জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন।
তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের এ অধিবেশনে দেশি-বিদেশি গবেষক ও চিন্তাবিদরা অংশ নেন। আলোচনায় আরও বক্তব্য দেন ভারতের ইউনিভার্সিটি অব রাজস্থানের সাউথ এশিয়া স্টাডিজ সেন্টারের অধ্যাপক করোরি সিং, নিউ এইজের সম্পাদক নুরুল কবীর, দক্ষিণ আফ্রিকার উইটস ইউনিভার্সিটির গবেষক মালাদিতসো জিলিলো ফিরি এবং কলম্বিয়ার সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকি সিঙ্গার।





