সাংবাদিক নুরুজ্জামানের বাড়িতে হামলার ঘটনায় ক্র্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’র সিনিয়র রিপোর্টার এস এম নুরুজ্জামানের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ এনায়েতপুরের সোদিয়া চাঁদপুর ইউনিয়নে।

শনিবার এক যৌথ বিবৃতিতে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম বলেছেন, একজন পেশাদার সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে তার ভাইকে আহত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। হামলার একদিন পার হলেও পুলিশ হামলাকারীদের গ্রেফতার না করায় আমরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও হতাশ।

নেতারা বলেন, সাংবাদিক নুরুজ্জামানের বাড়ির সাথেই গড়ে ওঠা অবৈধ মুরগির খামার থেকে পরিবেশ দূষিত হওয়ার ঘটনার প্রতিবাদ করায় যে প্রভাবশালী মহল হামলা চালিয়েছে, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ পরিস্থিতির দায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে।

এছাড়া সাংবাদিক নুরুজ্জামানের গ্রামের বাড়িতে যে স্বজনরা অবস্থান করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক নুরুজ্জামানের বাড়ির পাশেই স্থানীয় প্রভাবশালী আব্দুস সালাম ওরফে দোতলা সালাম নামে এক ব্যক্তি পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর অনুমতি ছাড়াই অবৈধভাবে একটি মুরগির খামার গড়ে তোলেন। নুরুজ্জামানের পরিবার ও আশপাশের লোকজন এর প্রতিবাদ জানান এবং চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারস্থ হন।

এরপরও তারা প্রতিকার না পেলে গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন দোতলা সালামের লোকজন সাংবাদিক নুরুজ্জামানের ভাইকে মারধর করে আহত করে এবং বাড়িতে হামলা চালায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।