সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে সোনার আংটি; মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা

সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে সোনার আংটি; মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা

দেশে বেসরকারি হাসপাতালের দৌরাত্ম্য ঠেকাতে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে নতুন একটি প্রকল্প চালু করে আলোচনার কেন্দ্রে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। নায়কের এ প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, বিজয়ের সরকার তামিলনাড়ু রাজ্যে স্বল্প খরচে সুরক্ষিত মাতৃত্ব নিশ্চিত করতে চায়। কিন্তু এ লক্ষ্য অর্জনে ভোগান্তি ও বড় বাঁধার কারণ হয়ে দাঁড়ায় বেসরকারি হাসপাতালগুলো।

ভারতের সরকারি নথি থেকে জানা যায়, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লাখ শিশু জন্মায়, যার মধ্যে প্রায় ৫৩ শতাংশ (৪.২ লাখ) প্রসব হয় সরকারি হাসপাতালে। বাকি শিশুর বড় অংশ প্রসব হয় বেসরকারি হাসপাতালে। সেখানে সন্তান প্রসবের গড় খরচ প্রায় ৬৩,৪৭৩ রুপি অথচ সরকারি হাসপাতালে এ খরচ মাত্র ১,৩৬৪ রুপি।

বিষয়টি বিজয় সরকারের নজরে এলে প্রসব চিকিৎসায় অকারণে বেসরকারি হাসপাতালের নেয়া বিশাল পরিমাণ অর্থ রুখে দিতে নতুন স্কিমটি চালুর উদ্যোগ নেয়া হয়। এ জন্য বেছে নেয়া হয় তামিল সমাজের প্রচলিত রীতিকে।

তামিল রাজ্যে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে। সেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে রাজ্যের সরকার নতুন প্রকল্পটি চালু করতে চলেছে।

নতুন শিশুদের প্রতি স্নেহ ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে এ স্কিম চলতি বছরে বিজয়ের জন্মদিন গত ২২ জুন থেকে চালু হয়েছে। এ স্কিম অনুযায়ী, শুধুমাত্র সরকারি হাসপাতালে জন্ম নেয়া সব শিশুকে বিজয় সরকারের পক্ষ থেকে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেয়া হবে। নতুন এ প্রকল্পের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি অর্থ বরাদ্দ রেখেছে বিজয় সরকার।

এ সুবিধাভোগের জন্য মায়েদের অবশ্যই তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। স্কিমে কোনও লিঙ্গবৈষম্য নেই। ছেলে ও মেয়ে উভয় সন্তানই এ ‘উপহার’ পাবে। সন্তান জন্মক্রমের উপরও কোনও বিধিনিষেধ না থাকায় প্রথম বা পরবর্তী সব সন্তানের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির একটি ছিল এই প্রকল্প। তাই দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে বিজয় সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।