সংসদের বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেছেন জহরলাল নেহেরুকে

সংসদের বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেছেন জহরলাল নেহেরুকে

সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিরোধ ভুলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এবং তার মন্ত্রিসভার প্রশংসা করলেন মোদী। বললেন, “নেহরুজির বক্তব্য সংসদকে অনুপ্রাণিত করেছে।” এর পাশাপাশি ইন্দিরা আমলের জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করে মোদী বলেন, “এই সংসদ ভবন যেমন জরুরি অবস্থা দেখেছে, তেমনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতেও দেখেছে।” তবে ইন্দিরা আমলের প্রশংসা করে মোদী এ-ও বলেন যে, “এই সংসদ বাংলাদেশের মুক্তির জন্য ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিল।” অধিবেশনের শুরুতেই  উঠে আসে, ভারতের ৭৫ বছরের সংসদীয় ঐতিহ্য নিয়ে আলোচনা ৭৫ বছর আগে সংবিধান সভা থেকে সংসদীয় গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছিল ভারত, তার উত্থান-পতন, প্রাপ্তি, অভিজ্ঞতা, স্মৃতি। উল্লেখ্য, সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন ‘ছোট হলেও গুরুত্বপূর্ণ’। তার কথায় উঠে আসে জি২০, চন্দ্রযানের সাফল্যের প্রসঙ্গও।

সংসদের ভাষণে তার পূর্বসূরিদের প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মধ্যে তিন জন প্রয়াত। প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর কথা উল্লেখ করে তিনি বলেন, “তিন প্রধানমন্ত্রীকে তাদের কার্যকালে হারিয়েছে সংসদ।” সংসদের উপর হামলাকে জীবাত্মার উপরে হামলা বলে অভিহিত করেন তিনি। নেহরু, ইন্দিরা, অটলবিহারী থেকে মনমোহন— প্রাক্তন প্রধানমন্ত্রীদের নেতৃত্বের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। প‍্যাটেল এবং আদভানীর প্রসঙ্গ উল্লেখ করে বললেন, “বল্লভভাই প‍্যাটেল এবং লালকৃষ্ণ আদভানী সংসদকে নেতৃত্ব দিয়েছেন।”

সংসদের গুরুত্বের কথা জানালেন প্রধানমন্ত্রী। বললেন, “সংসদই আধুনিক গণতন্ত্রের মন্দির।” ২০১৪ সালে প্রথম সংসদে প্রবেশের সময় মাথা নত করে প্রণাম করার স্মৃতিচারণও করেন তিনি। ভারত বিশ্ববন্ধু হয়ে উঠছে, এমনটা জানিয়ে কারও নাম না করেই মোদী বলেন, “ভারতের প্রতি সন্দেহ করার স্বভাব কিছু মানুষের যাবে না।”

প্রধানমন্ত্রী মোদী আরও বললেন, “পুরনো সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা ছিল বিদেশি শাসকের। কিন্তু ভবন নির্মাণের নেপথ্যে ছিল ভারতীয়দের শ্রম এবং অর্থ।” তবে ভবন নির্মাণে বিদেশি শাসকদের ভূমিকা থাকলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। সেই অধ্যায়কে স্মরণে রেখেই এগিয়ে যাওয়া হবে বলে জানালেন তিনি। এর পাশাপাশি জানালেন যে, পুরনো ভবন দেশের যুব সমাজের কাছে দৃষ্টান্ত হিসাবে রয়ে যাবে। পুরনো কথা ভুলে বিরোধীদের এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তার কথায়, “পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে এগিয়ে আসুন।” এর পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।