জয়কান্ত রায়, স্টাফ রিপোর্টারঃ বরগুনার কমলকান্তি খুন, যশােরের পল্লব হত্যাকাণ্ড, কেরানীগঞ্জের অন্তর হত্যাকাণ্ড, ফরিদপুরের জোৎস্না রাণী ধর্ষণ ও হত্যা সুষ্ঠ বিচার এবং ঢাকার মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজের সভাপতি কর্তৃক সংখ্যালঘু শিক্ষক সুখদেব ঢালীকে শারীরিক লাঞ্চনা এবং মালাউন বলে গালি দেওয়ার প্রতিবাদে মানব বন্ধন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
আজ শুক্রবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদের এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র এডভোকেট সুমন কুমার রায় বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীকে অসহায়ত্বে রেখে বা বিপদে ঠেলে দিয়ে শান্তি ও স্বস্তিতে থাকার কথা যারা ভাবছেন, তাদের ভাবনা সফল হবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে, তাদের দেশছাড়া করে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। রাজনৈতিক দলগুলো একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। সংখ্যালঘু নির্যাতন ও নারকীয় তাণ্ডব রোধে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। হামলায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচার করতে হবে।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতেনের ঘটনা নিয়ে কিছুদিন হইচই হলেও শেষ পর্যন্ত বিচারের নজির খুঁজে পাওয়া ভার৷ বরং কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘুরাই ‘আইনি হয়রানির’ শিকার হন৷ এসব ঘটনার বিচার না হওয়ার কারণে নিরাপত্তাহীনতা বাড়ছে ও ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।