দুলাল পাল– স্টাফ রিপোর্টারঃ ধামরাইয়ে পাওনা টাকা পরিশোধ করতে না পারায় শ্বশুরবাড়ির লোকজনের মারধরের অপমান সইতে না পেরে শামীম হোসেন নামে এক রাজমিস্ত্রী বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ধামরাইয়ের পশ্চিম নান্নার গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ধামরাইয়ের পশ্চিম নান্নার গ্রামের সৈকত হোসেনের ছেলে রাজমিস্ত্রী শামীম হোসেন পাশের চাউনা গ্রামের ওয়াহিদুল ইসলামের মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর দারিদ্রতার কারণে শামীম শ্বশুর বাড়ী থেকে কিছু টাকা ধার নেন। দীর্ঘদিন পরেও পাওনা টাকা না দেওয়ায় শ্বশুর বাড়ীর লোকজন ও তার ভায়রা ভাই মিলে গত বুধবার শামীমকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়।
শ্বশুর বাড়ীর এই অপমান সইতে না পেরে বৃহস্পতিবার সকালে নান্নার গ্রামের নিজ বাড়ীতে এসে বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার এস আই ভজন রায় জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।




