শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হওয়া উচিত: শামা ওবায়েদ

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হওয়া উচিত: শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক বক্তব্যকে ঘিরে ভারত সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যে দাবি করা হয়েছে, আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দণ্ডিত পলাতক আসামি এবং বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি কোথায় বা কী বক্তব্য দিচ্ছেন, সেটির জবাব দেওয়া বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়।

আরও পড়ুনঃ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

তবে তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক আয়োজন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। তাই এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ হওয়া প্রয়োজন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে কৌশলগত ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। বর্তমান সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। উভয় দেশ ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে এবং কোনো ঘটনার কারণে সেই অগ্রযাত্রা ব্যাহত হোক—এটি বাংলাদেশ চায় না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার উভয়ই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।