শিক্ষক পিটিয়ে স্কুল কমিটির ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে এক স্কুল শিক্ষককে পেটানোর অভিযোগে ওই বিদ্যালয় ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার করে কমিটি বিলুপ্ত করা হয়েছে। বহিষ্কৃত শাহ আমানত শান্ত জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। শান্ত শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী হায়দার মৃধার ছেলে।

এসএসসির টেস্ট পরীক্ষায় নকল ধরার কারণে বুধবার সন্ধ্যায় শাহ আমানত শান্ত ও তার সহযোগীরা হামলা চালায় বলে শিক্ষক সন্তোষ দেউরীর অভিযোগ। হামলায় আহত শিক্ষককে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ দেউরীর অভিযোগ, এবারের এসএসসি পরীক্ষার্থী ও ছাত্রলীগের বিদ্যালয় কমিটির সভাপতি শাহ আমানত শান্ত নিয়মিত মাদক সেবন করত। বিভিন্ন সময় এর প্রতিবাদ করায় শান্ত তার উপর ক্ষিপ্ত ছিল।

“এছাড়া এসএসসির টেস্ট পরীক্ষায় নকল করার সময় তাকে হাতেনাতে ধরি। এ কারণে সে আমার উপর আরও ক্ষিপ্ত হয়।”
সন্তোষ দেউরী বলেন, “বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীরামকাঠী বন্দরে নিজ বাসায় দুই ছাত্রকে পড়াচ্ছিলাম। এ সময় শান্ত, তার সহযোগী মেহেরাব, তন্ময়সহ পাঁচ জন বাসায় ঢুকে আমাকে মারধর করে।”

শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাইম হাওলাদার বলেন, শিক্ষক সন্তোষ দেউরীর উপর হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শাহ আমানত শান্তকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম বলেন, ঘটনাটি জানার পরে ওই বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তসহ শান্তকে বহিষ্কার করা হয়েছে।

শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল বলেন, শিক্ষক সন্তোষ দেউরীর উপর হামলার ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি বৈঠক ডাকা হয়েছে।

ঘটনার বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।