নির্ধারিত ৪৫ দিনের মধ্যে সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ স্বীকৃতি পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সম্মাননা প্রদান করেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সময়ানুবর্তিতা, তথ্যের নির্ভুলতা এবং নাগরিক সেবার মান বজায় রাখায় এই অর্জন করেছে রাসিক। এ জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকসেবা নিশ্চিত করতে বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাসিকের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য পাওয়া এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহ জোগাবে। নাগরিকসেবা সহজ, দ্রুত ও কার্যকর করতে আগামীতেও কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমও উপস্থিত ছিলেন।





