এবার দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

এবার দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার
এবার দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ডিএমপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, মহালয়া থেকে শুরু করে পূজা উদ্‌যাপন এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে নগরীর প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। পাশাপাশি মণ্ডপে দায়িত্বে থাকা পুলিশের ইনচার্জরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।

তিনি বলেন, পূজার সময় পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান এবং বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের নিজ নিজ মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপরও নজরদারি রাখতে হবে। কোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে তিনি অনুরোধ জানান।

সবার সমন্বিত উদ্যোগে দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা মণ্ডপের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ওসমান গণি উপস্থিত ছিলেন।

এ ছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।