× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

পাঁচবার বিয়ে করেও শেষ জীবনে নিঃসঙ্গতায় ভুগতে হয়েছে ‘লারে লাপ্পা’ গার্লকে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

একসময় হিন্দি ছবির গান ‘লারে লাপ্পা’ ছিল সবার মুখে মুখে। ওই গানের প্রবেশ বাড়িতে বন্ধ করার জন্য ‘চিত্রহার’ বা ‘সুপারহিট মুকাবিলা’ ছিল নিষিদ্ধ। কিন্তু জানেন কি, এই ‘লারে লাপ্পা’ গান কিন্তু বলিউডে সত্যিই ছিল। যার উপর চিত্রায়িত হয়েছিল এই গান, বিস্মৃত সেই অভিনেত্রী মীনা শোরের জীবনের বেশির ভাগ অংশই কেটেছিল নিদারুণ দারিদ্রে।

১৯৪১ সালে মু্ক্তি পায় ‘সিকন্দর’। নায়কের ভূমিকায় ছিলেন পৃথ্বীরাজ কাপূর। দেশ জুড়ে এই ছবি সফল হয়। প্রশংসিত হয় মীনার অভিনয়ও। এরপর তিনি পরিচালক মোদীর সঙ্গে পরপর বেশ কিছু ছবিতে কাজ করেন। সেগুলি হল ‘ফির মিলেঙ্গে’, ‘পৃথ্বী বল্লভ’ এবং ‘পাত্থরোঁ কা সওদাগর’। ১৯৪৮ সালে মুক্তি পায় পঞ্জাবি ভাষার ছবি ‘চমন’। পরিচালক ছিলেন রূপ শোরে। পারিবারিক ব্যবসা মন্দার জেরে তিনি লাহৌর ছেড়ে পাড়ি দিয়েছিলেন বম্বে শহরে। স্ত্রীর সঞ্চিত অর্থ দিয়ে তিনি ছবিটি তৈরি করেছিলেন। মুক্তির পরে সুপারহিট হয়েছিল ছবিটি এবং এর গান। ছবিতে নায়িকা ছিলেন মীনা।

রূপ শোরের প্রযোজনা ও পরিচালনাতেই ১৯৪৯ সালে মুক্তি পায় ‘এক থি লাড়কি’। লতার গাওয়া ট্রেন্ডসেটার ‘লারে লাপ্পা লারে লাপ্পা লায়ি রাখড়ি’ গানে লিপ দিয়ে মীনার নামই হয়ে যায় ‘লারে লাপ্পা গার্ল’। ছবিটি বলিউডে রূপের পায়ের তলায় জমি শক্ত করে। তিনি হয়ে যান বলিউডের প্রথম সারির কমেডি ছবি পরিচালক। এরপর রূপ শোরের সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন মীনা। সেগুলোর মধ্যে অন্যতম ‘ঢোলক’ এবং ‘এক দো তিন’। পাশাপাশি অন্য ব্যানারে কাজের মধ্যে মীনার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘সাহারা’, ‘ভাইজান’, ‘আনমোল রতন’ এবং ‘আগ কা দারিয়া’। ভারতে মুক্তি পাওয়া মীনার শেষ দু’টি ছবি হল ‘শ্রীমতী ৪২০’ এবং ‘চন্দু’। জীবনের এর পরের অংশ মীনা কাটিয়েছিলেন পাকিস্তানে।

মীনার বিয়ে কবে হয়েছিল তা নিয়ে দ্বিমত রয়েছে। তবে তার সমসাময়িক ফিল্মি পত্রিকা থেকে জানা যায়, মীনার প্রথম স্বামী ছিলেন অভিনেতা-প্রযোজক-পরিচালক জহুর রাজা। তাদের আলাপ হয় ‘সিকন্দার’ ছবির সময়ে। তার সঙ্গে বিচ্ছেদের পরে মীনা বিয়ে করেন সহ-অভিনেতা আল নাসিরকে। চারের দশকের মাঝামাঝি সে বিয়ে ভেঙে যায়। আল নাসির এরপর বিয়ে করেন সে সময়ের আর এক অভিনেত্রী বীণাকে। মীনার দীর্ঘতম দাম্পত্য ছিল তার তৃতীয় বিয়েতে। দীর্ঘ পরিচয়ের পরে তিনি রূপ শোরেকে গ্রহণ করেছিলেন স্বামী হিসেবে। প্রায় আট বছর স্থায়ী হয়েছিল তাদের সংসার। তবে কাজের জন্য পাকিস্তানে যাওয়ার পরে ভেঙে যায় তাদের দাম্পত্য। মীনা ওখানেই থেকে যান। রূপ ফিরে আসেন ভারতে।

পাকিস্তানের আমন্ত্রণে রূপ-মীনা গিয়েছিলেন সেখানে। তাদের অভিনীত ছবি ‘মিস ১৯৬৫’ মুক্তি পেয়েছিল পাকিস্তানে। যদিও ছবিটি যথেষ্ট বিতর্কিত। অভিযোগ, এই ছবিটির বিষয় গুরু দত্তের ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’ থেকে চুরি করা।

অভিযোগ ও বিতর্ককে দূরে সরিয়ে পাকিস্তানেও প্রথম দিকে সফল জীবন কাটাতে সক্ষম হয়েছিলেন মীনা। তিনি ছিলেন প্রথম পাকিস্তানি অভিনেত্রী, যিনি ‘লাক্স’ সাবানের মডেল হয়েছিলেন। তাকে বলা হত পাকিস্তানের ‘লাক্স লেডি’। পাকিস্তানেও মু্ক্তি পেয়েছিল মীনার বেশ কিছু ছবি। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘সরফরোশ’, ‘মিস ৫৬’, ‘বড়া আদমি’, ‘আখরি নিশান’, ‘গুলশন’-এর মতো ছবি।

পাকিস্তানে আরও দু’বার বিয়ে করেছিলেন মীনা। প্রথমে রাজা মীর, তারপরে বিয়ে করেছিলেন পাকিস্তানি সহ-অভিনেতা আসাদ বোখারিকে। কিন্তু নিজের ‘শোরে’ পদবী আর পরিবর্তন করেননি। তার রঙিন জীবনের শেষটা ছিল মর্মান্তিক। সাতের দশকে তার দিন কাটতে শুরু করে চরম অর্থকষ্টে। তার থেকে আর বেরিয়ে আসতে পারেননি তিনি।

দারিদ্রের মধ্যেই শেষ হয় একসময়ের গ্ল্যামারাস নায়িকা মীনার নশ্বর জীবন। ১৯৮৯ সালের ৩ সেপ্টেম্বর। তার অন্ত্যেষ্টির জন্য অর্থ সংগ্রহ করতে হয়েছিল। দান করা অর্থ যোগাড় করেই সমাধিস্থ করা হয়েছিল ‘লারা লাপ্পা গার্ল’কে।


এ ক্যটাগরির আরো খবর..