ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড ৯১ রানের মাথায় চার চারটি উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে। তবে চতুর্থ অবস্থানে ক্রিজে নেমে ইংলিশদের হয়ে ভালোই জবাব দিচ্ছেন জো রুট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে তার সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ঘুরে দাড়িয়েছে অ্যালিস্টার কুকের দল।
জোহার্নেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে ইংল্যান্ড। এরআগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩১৩ রান করতে সমর্থ হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ।
প্রোটিয়া বোলারদের তোপে দলীয় ২২ রানে দুই ওপেনারকে হারায় সফরকারীরা। তৃতীয় উইকেটে নামা নিক কম্পটন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৬ রান করে কাগিসো রাবাদার বলে আউট হন তিনি। এরপর জেমস টেইলরও পিচে নিজেকে থিতু বানাতে পারেননি।
দলের অন্যদের ব্যর্থতায় নিজের সেরাটার প্রমান দিচ্ছেন রুট। ধৈর্য্য ধরে ক্রিজে থিতু হয়ে ১২৬ বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। তার এই ইনিংসে রয়েছে ১৭টি চারের মার। ১০৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। অপরপ্রান্তে দাড়িয়ে তাকে সঙ্গ দেন বেন স্টোকস। তবে ব্যক্তিগত ৫৮ রান করে মরনে মরকেলের বলে সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৩৮ রান করেছে ইংল্যান্ড। প্রোটিয়াদের ছুঁতে এখনো ৭৫ রান প্রয়োজন তাদের।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও মরকেল। আর একটি উইকেট লাভ করেন হারদাস ভিলজোয়েন।




