দেশের বিভিন্ন প্রান্তে থাকা নারী উদ্যোক্তাদের একই যায়গায় নিয়ে আসতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে চলছে চার দিনের নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী। নিজেদের পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন উদ্যোক্তাদের সাথে এ মেলার মাধ্যমে ধারনা বিনিময়ের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন নারী উদ্যোক্তারা। আর পণ্যের প্রচারণার ক্ষেত্রেও এই মেলা অনেক বেশি ভূমিকা রাখছে বলেও মত তাদের।
নিরলা মুখার্জি। থাকেন সিলেটে। সেখানে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে বিক্রি করলেও এবার তিনি বাংলাদেশ ব্যাংকের আয়োজনে নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছেন ঢাকাতে। উপজাতীয় ঢংয়ের পাশাপাশি বাঙালি পোশাকও তৈরি করেন তিনি। নিজের পণ্য প্রদর্শনীর ক্ষেত্রে এই মেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেই মনে করেন এই মনিপুরি নারী।
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী উদ্যোক্তাদের একই জায়গায় নিয়ে আসতে বাংলাদেশ ব্যাংকের এই আয়োজনে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন নারী উদ্যোক্তারা।
ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদিত বিভিন্ন ঘর সাজান পণ্য থেকে হাতের কাজের পোশাক। সবই স্থান পেয়েছে মিরপুরের এই প্রদর্শনীতে। যার ফলে ক্রেতা সমাগমও কম নয়। বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।





