সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা প্রয়োগ করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মীরা অভিযানে সহযোগিতা করেন।
এ ছাড়া পরিবেশ দূষণের দায়ে এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জেলাগুলোতে শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।





