সুরমার তীরে বর্জ্য ফেললে আইনগত ব্যবস্থা: সিসিক প্রশাসক

সুরমার তীরে বর্জ্য ফেললে আইনগত ব্যবস্থা: সিসিক প্রশাসক
সুরমার তীরে বর্জ্য ফেললে আইনগত ব্যবস্থা: সিসিক প্রশাসক
সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। এতে নদীর পানি ও পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কদমতলী এলাকার নদীতীর পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি সুরমার তীরে কোনো ধরনের বর্জ্য না ফেলতে ব্যবসায়ীদের সতর্ক করেন।
সিসিক প্রশাসক বলেন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য একটি সবুজ নগরী গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। তবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে পলিথিন ও অন্যান্য অপচনশীল বর্জ্য নদী, ছড়া ও ড্রেনে ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, সবুজ নগরী গড়ে তোলা সম্ভব হলে এর সুফল সবচেয়ে বেশি পাবেন নগরবাসী। এ জন্য শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে ব্যবসায়ীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ দিয়ে বলেন, নদীর তীর, ছড়া বা ড্রেনে বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কেউ নদীর তীর, ছড়া বা ড্রেনে বর্জ্য ফেললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা এবং সর্বোচ্চ নাগরিকসেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক জানান, নগরীর শাহজালাল সেতুর পাশে থাকা খালি জায়গায় একটি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে ওই এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি অব্যবহৃত জায়গাটি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।
এ সময় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মাহমুদ খান, সিলেট

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।