যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে পাঠানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লাশটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। লাশটি দুবাই হয়ে আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

লাশ প্রেরণের পুরো প্রক্রিয়ায় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে তদারকি করা হয়। কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। স্থানীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে লাশ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

এ ঘটনায় নিহত অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশও একইভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

এর আগে গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নিহত নাহিদা সুলতানার জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এদিকে, পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। এ বিষয়ে গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানায়।

চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে বলে জানানো হয়। কনস্যুলেটের একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।