যশোরে ছেলে গুলিবিদ্ধ শুনে মা অসুস্থ হয়ে হাসপাতালে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোশারফ হোসেন (৩৯) নামে একজন এয়ারগানের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ মোশারফকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবর্ষণকারী ও গুলিবিদ্ধ দুজনই আওয়ামী লীগ কর্মী।

এ ঘটনা শুনে তার মা মানিকজান বিবি (৬০) অসুস্থ হয়ে পড়লে তাকেও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শার্শার কাজিরবেড় গ্রামে। মোশারফ ওই গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে। শার্শার থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব চক্রবর্তী জানান, সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে কাজিরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে মাহবুবুর রহমান তার বাড়ির সামনে রাস্তার পাশে টাইলস বসাচ্ছিলেন। ওই কাজে প্রতিবেশি মোশারফ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুবুর নিজ ঘর থেকে এয়ারগান এনে ১২ রাউন্ড গুলি করেন। ওই গুলি মোশারফের বুকে, পিঠে ও হাতে বিদ্ধ হয়। এতে তিনি মারাত্মক আহত হন।

তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এসআই সঞ্জিব আরো বলেন, ‘অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মাহবুবের বিরুদ্ধে আগেও সমাজবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।’ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মোস্তফা আল রাসেল বলেন, ‘এক রাউন্ড গুলি মোশারফের বুকের পাঁজর ভেদ করেছে। আর এক রাউন্ড গুলি হাতে বিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য  তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

স্থানীয়রা জানান, মোশারফের মা মানিকজান বিবি ছেলে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ শুনে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।