মেহের আমজাদ,মেহেরপুর:মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে তিন বখাটের এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। দন্ডিতরা হলেন, সদর উপজেলার গোভীপুর গ্রামের কায়েম শেখের ছেলে বিদ্যুৎ হোসেন (২০), কাউছার আলীর ছেলে স্বাধীন (২৫) ও আব্দুর কুদ্দুসের ছেলে শরীফুল ইসলাম (২০)।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান উজুলপুর ভৈরব মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান জানান, ১৮৬০ দন্ডবিধি ৫০৯ ধারায় বখাটে যুবকদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা সালেহীন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কালাচাঁদপুর গ্রামের কিছু ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ওই তিন বখাটে উত্ত্যক্ত করছিল। স্থানীয় গ্রামবাসি তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে খবর দিলে আদালত তাদের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।



