শেষ মুহূর্তের নাটকীয় গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত রাউন্ড অব ১৬-এর ম্যাচে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর অতিরিক্ত সময়ের গোলে জয় পায় স্প্যানিশরা।
ম্যাচজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেন মেরিনো।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তৃতীয় মিনিটে মিকেল ওয়ারাজাবালের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কস্তা। পরক্ষণেই লামিনে ইয়ামালের নিখুঁত ক্রস বক্সে পৌঁছালেও সেখানে কোনো স্প্যানিশ ফরোয়ার্ড না থাকায় বিপদমুক্ত হয় পর্তুগাল।
অষ্টম মিনিটে আবারও সুযোগ নষ্ট করে স্পেন। দানি ওলমোর বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে পড়লেও ওয়ারাজাবালের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।
অন্যদিকে ১২ মিনিটে পর্তুগালের হয়ে প্রথম বড় সুযোগ পান ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নেওয়া তার শট দারুণ দক্ষতায় রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
১৬ মিনিটে লামিনে ইয়ামালের বাঁকানো শট এবং ফিরতি বলে অ্যালেক্স বায়েনার প্রচেষ্টা—দুটিই অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন ডিয়েগো কস্তা। প্রথমার্ধজুড়ে পর্তুগালের রক্ষণভাগের পাশাপাশি গোলরক্ষকের দৃঢ়তাই দলকে ম্যাচে টিকিয়ে রাখে।
৩০ মিনিটে পেদ্রির লম্বা পাস থেকে আরেকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তোলে স্পেন। তবে দ্রুত বেরিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে বিপদ কাটিয়ে দেন কস্তা।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের গতি বাড়ায়। ৭১ মিনিটে জয়ের লক্ষ্যে জোয়াও ফেলিক্স ও জোয়াও ক্যানসেলোকে তুলে রাফায়েল লেয়াও এবং ডিয়োগো দালোটকে মাঠে নামান পর্তুগালের কোচ রোবের্তো মার্তিনেজ।
৭৩ মিনিটে লামিনে ইয়ামালের শক্তিশালী ফ্রি-কিকও কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন ডিয়েগো কস্তা। অন্যদিকে ৭৬ মিনিটে ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেসের ধারাবাহিক প্রচেষ্টায় স্পেনের রক্ষণে চাপ তৈরি হলেও গোলের দেখা পায়নি পর্তুগাল।
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় যোগ করা সময়ে। ৯০ মিনিট শেষে ছয় মিনিট অতিরিক্ত সময় ঘোষণা করা হলে প্রথম মিনিটেই বদলি হিসেবে নামা মিকেল মেরিনো দুই সেন্টার-ব্যাকের মাঝখানে দৌড়ে গিয়ে সতীর্থের পাস নিয়ন্ত্রণে এনে নিচু শটে বল জালে পাঠান। সেই একমাত্র গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন।
শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগও পেয়েছিল পর্তুগাল। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে বার্নার্দো সিলভার হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি পর্তুগিজরা।
ফলে ১-০ ব্যবধানের জয়ে শেষ আটে জায়গা করে নেয় স্পেন। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটি বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলে, সেটির সমাপ্তি হলো হতাশাজনক পরাজয়ের মধ্য দিয়ে।