মীর কাসেমকে রিভিউ খারিজের রায় শোনানো হলো

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় পড়ে শোনানো হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক মীর কাসেমকে এ রায় পড়ে শোনান।

প্রশান্ত কুমার বণিক জানান, রায়ের অনুলিপি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর কারাগারে আনা হয়। আজ সকালে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়। এ সময় মীর কাসেমের আচার-আচরণ স্বাভাবিক ছিল বলে জানান প্রশান্ত কুমার বণিক।

রাষ্ট্রপতির কাছে মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন কি না, জানতে চাইলে মীর কাসেম চিন্তাভাবনা করে পরে জানাবেন বলে জানান প্রশান্ত কুমার বণিক।

গতকাল দিবাগত রাত পৌনে ১টার পর পুলিশের দুটি পিকআপভ্যানের প্রহরায় একটি মাইক্রোবাসে করে রায়ের অনুলিপিটি কাশিমপুরে নেওয়া হয়।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে মীর কাসেমের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালে নিয়ে যান। এ ছাড়া রায়ের একটি করে অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কাছেও পাঠানোর কথা রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন। এর পরপরই বিকেল সোয়া ৫টার দিকে ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি নিজে রায় লেখার পর অন্য বিচারপতিরা এতে একমত পোষণ করে স্বাক্ষর করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।