মানুষ যেন যন্ত্র না হয়ে যায়, সেজন্য কবিতা -তথ্যমন্ত্রী

মানুষ যেন যন্ত্র না হয়ে যায়, সেজন্য কবিতা ও কবিতাপাঠ চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আবৃত্তি একাডেমির ২১ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিকতার নামে, বৈষয়িক উন্নয়নের তাগিদে যন্ত্র হয়ে যাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্ত হয়ে পড়া বা জঙ্গিবাদের কালো থাবায় জড়িয়ে পড়া- এসব থেকে মুক্ত থাকার জন্য চাই কবিতা আর কবিতার পাঠ ও আবৃত্তি। একা কবিতা পাঠে আনন্দ আছে, কিন্তু অনেক মানুষের মাঝে কবিতার আবৃত্তি মানুষকে অনুপ্রাণিত করে, সৃষ্টি করে অপূর্ব ব্যঞ্জনা। তাই আবৃত্তির গুরুত্বও অনেক।

কবিতা মানুষের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও মমত্ববোধ জাগ্রত করে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নত দেশের পাশাপাশি উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে কবিতা হোক সকলের প্রাণের সাথী।

ড. হাছান মাহ্মুদ এ সময় আবৃত্তিজন অধ্যাপক নিরঞ্জন অধিকারীর হাতে আবৃত্তি একাডেমি পদক ও পুরস্কারের অর্থ তুলে দেন। এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন।

আবৃত্তি একাডেমির পরিচালক মৃন্ময় মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে আবৃত্তি একাডেমি পদকপ্রাপ্ত অধ্যাপক নিরঞ্জন অধিকারী তার অনুভূতি ব্যক্ত করেন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।