ফায়ার সার্ভিস এখন মানুষের দুঃসময়ের বন্ধু -স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফায়ার সার্ভিস এখন মানুষের দুঃসময়ের বন্ধু -স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফায়ার সার্ভিস এখন মানুষের দুঃসময়ের বন্ধু। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

তিনি আজ ১৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২২ এর পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এমফিল। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব শাহানারা খাতুন, অতিরিক্ত সচিব জনাব মোঃ হাবিবুর রহমানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে সুরক্ষা সেবা বিভাগের সচিবকে একদল চৌকস অগ্নিসেনা সহকারী পরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করার পর প্রধান অতিথি রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি ২০২২ সালে ৪টি ক্যাটাগরিতে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদকপ্রাপ্ত ৪৫ জনের মধ্যে ২৯ জনকে পদক পরিয়ে দেন। উল্লেখ্য, পদকপ্রাপ্ত অপর ১৬ জনের মধ্যে ৩ জন কর্মকর্তা এবং ১৩ জন অগ্নিবীরের স্বজনদেরকে ১৫ নভেম্বর ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি পদক প্রদান করেন।

আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ারফাইটারদের ‘দুঃসময়ের বন্ধু’ হিসেবে মূল্যায়ন করেছেন।  সকল দুর্যোগে ফায়ারফাইটাররা এখন আসলেই মানুষের দুঃসময়ের বন্ধু। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীতাকুন্ডের বিএম কন্টেনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন ফায়ারফাইটার নিহত হয়েছে। তারা ‘অগ্নিবীর’ খেতাবে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সে অনুযায়ী আমরা কাজ করে যাবো। তিনি বলেন, আমাদের অধিকাংশ কাজই হলো জরুরি সেবাভিত্তিক। সে ক্ষেত্রে যে কোন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের কর্মীরা স্টেশন থেকে বের হন এবং দুর্যোগ মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন।

অনুষ্ঠান শেষে স্মৃতির নিদর্শন হিসেবে প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট হস্তান্তর করেন অনুষ্ঠানের সভাপতি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। খবর – ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।