আঃজলিল বিশেষ প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
জহুরুল উপজেলার আন্দুলিয়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে (সাড়ে তিনটার দিকে) বল্লভপুর-মাকাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০০ গজ দূরে দক্ষিণ পাশের মাঠের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গোলাগুলিসহ হামলা চালানো হয়।
এই সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশের গুলির মুখে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় সেখান থেকে ১টি পিস্তল, গুলির খোসা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে। ওসি রিফাত খান রাজীব জানান, জহুরুলের বিরুদ্ধে চৌগাছাসহ বিভিন্ন থানায় ১০টি মাদক ও একটি মারামারির মামলা মামলা রয়েছে।




