বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মাছখালি গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আসকার শেখের ছেলে আয়নাল শেখ (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছে। বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বেড়া থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
বেড়া মডেল থানা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রামানিক গোষ্ঠি ও শেখ গোষ্ঠীর মধ্যে যমুনা নদীতে মাছ ধরা নিয়ে ক্ষমতার প্রাধান্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
বুধবার সন্ধায় বেড়া উপজেলা কৈটলা ইউনিয়নের মাছখালি গ্রামের হাবিবর প্রামানিকের ছেলে মজিবর প্রামানিক (৩৫) ও একই গ্রামের মিন্টু শেখ ছেলে আব্দুল্লাহ শেখ (২৫) মধ্যে মাছধরার ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে মজিবর প্রামানিক গোষ্ঠির (সালাউদ্দিন গ্রুপ) লোকজন লাঠিসোটা নিয়ে মিন্টু শেখ গোষ্ঠির (আতাই মেম্বর গ্রুপ) লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় বাধা দিলে উভয় পক্ষ লাঠিসোটা, দেশীয় ধারালো অস্ত্র,ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে বেড়া মডেল থানার এসআই বারেক সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ঘটনার সংগে জড়িত থাকায় মো.সালাউদ্দিন প্রামনিক (৪০) পিতা মৃত-তমছের প্রামানিক,মো.নুরুজ্জামান প্রামানিক (৩৩) পিতা মো.ওহাব প্রামানিক,মো.আশিক প্রামানিক (১৯) পিতা মো.হক প্রামানিক এই ৩ জনকে আটক করে।
এ ঘটনায় আহত রওশন প্রামানিক (৩০), আয়নাল শেখ (২৫), মিন্টু শেখ(৫০), মুবাই শেখ (৩০), ওসমান গনি (৩৪) মোহাম্মদ আলী (৩০) কালু (৩০) রমজান (২৮) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। আয়নাল শেখের অবস্থার আবনতি হওয়ায় প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ নেওয়ার কথা বলেন। রাজশাহী হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে সে মারা যায়।
আয়নাল শেখের মৃত্যুর খবর পেলে তার স্বজনরা ও শেখ গোষ্ঠির (আতাই মেম্বর গ্রুপ) লোকজন একত্রিত হয়ে প্রামানিক গোষ্ঠির প্রায় ২০টি ঘরবাড়ি, দোকান পাট ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটায়।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খাঁন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।