ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বজ্রপাতে মোঃজসিম (২৫) নামের এক শ্রমিক ও বিদ্যূৎস্পৃষ্টে মোঃ আরিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জসিম উপজেলার চর মাদ্রাজ মধুমতি ব্রিক্সের শ্রমিক ও নিহত আরিফ উপজেলা চর কলমি ইউনিয়নের নাসির মুন্সির ছেলে।
সোমবার(৮এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মধুমতি বিক্সের কাজ করার সময় বজ্রপাতে মোঃ জসিম নিহত হয় এবং দুপুরে উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নে বিদ্যূৎ দিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে আরিফ নিহত হয়।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশনে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় উপজেলার মাদ্রাজ ইউনিয়নে মধুমতি ব্রিক্সে কাজ করার সময় বজ্রপাতে মোঃ জসিম ঘটনাস্থলেই মারা যায়। নিহত জসিম জিন্নাগড় ৬ নং ওয়ার্ডের নুর হোসেন মিস্ত্রির ছেলে।
অপরদিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নে দুপুরে আরিফ তাদের বাড়ির পুকুরে বিদ্যূৎ সংযোগ দিয়ে মাছ শিকার করছিলো। এ সময় বিদ্যূৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।