জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। তবে ভাস্কর্যের পর এবার ভাঙচুরের সময় নূর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ ১ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক নূর আলম (৪২) শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আটক ওই যুবক বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এর আগে গত ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।




