ঢাকা: দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। ইউএনডিপির সহযোগিতা
রোববার (৩০ আগস্ট) ঢাকায় ভূমি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, নাগরিকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার -স্থানীয় সরকার মন্ত্রী
বৈঠকে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশনের ফলে সাধারণ মানুষ আগের তুলনায় সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থাপনা সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় চলমান ডিজিটাল উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন।
আরও পড়ুনঃ আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া
স্টিভেন রড্রিগেজ বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়া, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি ত্বরান্বিত করতে ইউএনডিপি সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া ইউএনডিপির জন্য গর্বের বিষয়। পূর্বের অর্জনগুলোকে এগিয়ে নিয়ে মানুষের কল্যাণে সরাসরি কাজে লাগবে—এমন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নতুন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ সরকার, জনগণ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী ইউএনডিপি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।



