ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে প্রণীত বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। আলোচনা শেষে বিলটি সংসদে উপস্থাপনের জন্য পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
গুম প্রতিরোধ ও প্রতিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিল প্রণয়ন ও সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়ায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
বৈঠক থেকে দুই সদস্যের ওয়াকআউট
বৈঠকের একপর্যায়ে কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম ও মোঃ আব্দুল বাতেন ওয়াকআউট করেন।
এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির কোনো সদস্যের সংশোধনী, মতামত বা পরামর্শ থাকলে তা বৈঠকে তুলে ধরার সুযোগ রয়েছে। কোনো বিষয়ে প্রয়োজন হলে বিরোধিতাও করা যেতে পারে। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুনঃ খাদ্যগুদামের সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: খাদ্যমন্ত্রী
বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়ন নিয়ে আলোচনা
বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সেখানে উল্লেখ করা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
সভায় আরও বলা হয়, বিভিন্ন সময়ে মব তৈরির চেষ্টা দেখা গেলেও এ সময়ে কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেনি বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
মিরাজ শেখের অপহরণ নিয়ে ‘ব্লেম গেম’ না করার আহ্বান
বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনা নিয়েও আলোচনা হয়। এ ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে সভায় মত উঠে আসে।
এ ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা প্রয়োজন বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
আরও পড়ুনঃ সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি
যারা উপস্থিত ছিলেন
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


