বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও সম্মানজনক স্থানে উন্নীত করতে বর্তমান সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আজ রাজধানীর নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে অনুষ্ঠিত এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে দেশের ক্রীড়া ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং স্বজনপ্রীতি, ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে ক্রীড়াঙ্গন বহু পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার সেই স্থবিরতা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি ক্রীড়া খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
মুন্সীনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রোমান স্পোর্টিং ক্লাব (শংকরখালী) এবং মদনখালী ফ্রেন্ডস ক্লাব (মদনখালী)। দুই দলের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হয়। পরবর্তীতে অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় রোমাঞ্চকর টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফয়সালা হয়। পেনাল্টি শুটআউটে ৭-৬ ব্যবধানে রোমান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয় মদনখালী ফ্রেন্ডস ক্লাব।
খেলা শেষে প্রতিমন্ত্রী বিজয়ী ও বিজিত—উভয় দলের খেলোয়াড়দের চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্য প্রদর্শনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।





