“ধর্ম, বর্ণ বা গোত্র ভিন্ন হতে পারে, কিন্তু এই ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি,”—কথাগুলো বলেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ভেদাভেদ ভুলে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য, যেখানে কোনো নাগরিক নিজেকে বঞ্চিত মনে করবে না।
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বর্ষা উৎসব ২০২৬’ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী জাতীয় প্রেসক্লাব কর্তৃক সাংবাদিকদের সন্তানদের মেধা ও মনন বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন। একই সঙ্গে সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যৎ এ ধরনের কর্মসূচিতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদেরও সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অ্যাওয়ার্ড প্রদানের আনুষ্ঠানিকতা শেষে অতিথি ও উপস্থিত দর্শকবৃন্দ এক মনোজ্ঞ কাওয়ালী ও সুফি পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রেসক্লাব সদস্যদের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।



