ভর্তুকি মূল্যে তেল আলুসহ চার পণ্য বিক্রি করবে টিসিবি -বাণিজ্য সচিব

ভর্তুকি মূল্যে তেল আলুসহ চার পণ্য বিক্রি করবে টিসিবি -বাণিজ্য সচিব

রাজধানীর বিভিন্ন স্থানে ৩০টি ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, ডাল, আলু ও পিঁয়াজ বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই সিটি কর্পোরেশনের আওতাধীন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এই সুবিধা নিতে পারবেন না। বলেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আগামীকাল থেকে প্রতি কেজি আলু ৩০ টাকা, পিঁয়াজ ৫০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হবে। একজন ক্রেতা এসব পণ্য ‍সর্বোচ্চ দুই কেজি করে ক্রয় করতে পারবেন। পণ্য সরবরাহের ওপর ভিত্তি করে ট্রাকসেলের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিব বলেন, রাজধানীতে অনেক দরিদ্র ভাসমান মানুষ বসবাস করছেন যাদের জাতীয় পরিচয় পত্র গ্রামের ঠিকানায় করা। এজন্য তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলা বাজারে তেল-ডাল-আলু ও পিঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ২ লাখ মেট্রিক টন আলু এবং ২৫ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। যার মধ্যে প্রায় ১১ হাজার মেট্রিক টন আলু এবং ৬২ হাজার পিস ডিম দেশে এসে পৌঁছেছে এবং এর প্রভাব বাজারে পড়েছে। বৈশ্বিক পরিস্থিতি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পণ্য সরবরাহে সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটা শুধু আমাদের দেশে নয় পুরো বিশ্বে হচ্ছে। তেল ও চিনিসহ যেসব পণ্য আমদানি করতে হয় সেসব পণ্যের দাম সময়ে সময়ে আমরা নির্ধারণ করে দিয়েছি।

এসময় ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মোঃ ফয়জুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগে. জেনারেল মোঃ আরিফুল হাসান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।