মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥ ফুলের সাম্রাজ্য হিসাবে পরিচিত যশোরের গদখালী এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। ফ্রেবুয়ারী এলেই যেন উৎসবে মেতে ওঠে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল বাজার। ফুল চাষি, পাইকার, আর শ্রমিকদের ব্যস্ত সময় কাটছে এখন।
বসন্ত বরণ, ভালবাসা দিবস, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রতি বছরই গদখালী ফুলের বাজারে ফুলের বেচা- বিক্রি বেড়ে যায়। এ বছর ফুলের উৎপাদন ভালো হওয়ায় বেচা কেনাও ভালো হবে বলে আশা করছেন চাষিরা। প্রতিদিন সূর্য্য ওঠার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ফুল কিনতে ভিড় জমাচ্ছেন।
সরেজমিনে গদখালী বাজার ঘুরে দেখা গেছে, এ অঞ্চলের শত শত কৃষক তাদের উৎপাদিত ফুল বিক্রির জন্য গদখালী পাইকারি বাজারে নিয়ে আসেন। ব্যবসায়ী ও ফঁড়িয়ারা এই ফুল ক্রয় করে ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী সহ সড়ক পথে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। যশোরের সদর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রায় ৪০টি গ্রামে এখন বিভিন্ন জাতের ফুল চাষ করছেন কৃষকরা। এসব এলাকায় রজনীগন্ধা, গোলাপ, গাঁধা, গ্লাডিওলাস, জারবেরা, জিপসি, ডালিয়া, চন্দ্র মল্লিকা, ক্যালেন্ডলা, লিলিয়াস সহ নানা জাতের ফুল চাষ হচ্ছে। ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় এখন প্রায়, দুই হাজার হেক্টর জামিতে ফুলের আবাদ হচ্ছে। আর এই ফুল চাষের সঙ্গে সরাসরি জড়িত প্রায় ৫ হাজার কৃষক।
বসন্ত উৎসব ও ভালবাসা দিবসকে সামনে রেখে গদখালী এলাকায় ফুল বেচা কেনা জমে উঠেছে। গত কয়েক দিন ধরে দেশের ফুল ব্যবসায়ীরা ছুটছেন গদখালীর ফুল বাজারে। বাড়তি চাহিদার কারণে দামও বেড়ে গেছে ফুলের। প্রায় সব ফুলেই এখন দ্বিগুন দামে বিক্রি করছেন চাষিরা।
গদখালী ফুল চাষি কল্যাণ সমিতির সভাপতি জানান, বসন্ত বরণ ও ভালবাসা দিবসকে সামনে রেখে ইতোমধ্যে বাজার জমে উঠেছে। তিনি আরও বলেন, যশোরের গদখালী থেকে দেশের ৪৮টি জেলায় ফুল সরবরাহ করা হচ্ছে।


